বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়েছে। আহতের নাম আব্দুল জব্বার (৫২)। গতকাল শুক্রবার বিকেলে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার পাইনছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ৫১ ও ৫২ নম্বর পিলার এলাকায় কয়েকজন গাছ কাঠুরিয়া কাঠ সংগ্রহে যায়। সীমান্তের কাঁটাতারের পাশে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণে আব্দুল জব্বারের একটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পাইনছড়ি এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।












