দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ আয়োজনের প্রস্তুতি শেষ করেছে অন্তর্বর্তী সরকার।
মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য আপাতত ৩৭টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর এর অধীনস্থ পরিবহন পুল। সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের এখানে ৩৭টি গাড়ি রেডি করে রাখা হয়েছে। আরও বেশি গাড়ির প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে জানানোর সঙ্গে সঙ্গে পাঠানোর ব্যবস্থা আমরা রেখেছি। মঙ্গলবার (আজ) দুপুরের পরপরই সেগুলো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। খবর বিডিনিউজের।
নতুন মন্ত্রিসভার শপথের জন্য প্রস্তুতির কথা তুলে ধরে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গতকাল দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, একজন মন্ত্রী মহোদয়ের জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। এগুলোর জন্য সরকার সব সময়ই প্রস্তুত।
গাড়ির কথা না বললেও নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করার তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।











