নগরীর নতুন ফিশারিঘাটে মাছ বাজারের নামে লিজ নেয়া জায়গায় জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করার অভিযোগ এনে বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। জিডিতে উল্লেখ করা হয়েছে, বাকলিয়া থানার কর্ণফুলী নদীর তীরে চাক্তাই ও রাজাখালী খালের মধ্যবর্তী স্থানে নতুন ফিশারিঘাট ভূমি উন্নয়ন ও সংস্কারক্রমে ৩.৯৭৭৫ একর ভূমি গত ২০১৫ সালের ৮ ডিসেম্বর সম্পাদিত চুক্তিপত্র মূলে জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ১৫ বছরের মেয়াদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইজারা প্রদান করে এবং চলতি ২০২৬ সাল বন্দরের লিজ মানি পরিশোধ করা হয়েছে। ইজারা প্রদান করার পর উক্ত লিজভূমিতে নিজ ব্যয়ে ফিস স্টল ও আড়তসহ অন্যান্য আনুসঙ্গিক স্থাপনাদি (নতুন মাছ বাজার) নির্মাণ করে আসছি।
গত ৬ মাস আগে কিছু স্বার্থান্বেষী মহল লোক মারফত জানায়, লিজ নেয়া জমি জোরপূর্বক দখল করবে। ঘটনাটি বিভিন্ন দপ্তরে জানানোর পরে কিছুদিন চুপ থাকার পরে গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টায় আমাদের লিজ নেয়া জমিতে ওই মহলটি জোর পূর্বক দোকান ঘর করার সময় বাজারের কর্মচারীরা জিজ্ঞেস করলে তাদের সাথে তারা খারাপ আচরণ করে এবং সকালে আমরা গিয়ে দেখি সেখানে ঘর নির্মাণ করা হয়েছে। তাই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং আমরা বিষয়টি ভবিষ্যতের জিডি করে রাখলাম। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, জাতীয় মৎস্যজীবী সমিতি লিমিটেড নতুন ফিশারিঘাটে দোকান ঘর নির্মাণ ইস্যুতে একটি জিডি করে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।











