নতুন আইডিয়া নিয়ে তরুণদের ব্যবসায় আসতে হবে

উদ্যোক্তা উৎসবে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

তরুণ উদ্যোক্তাদের সাথে প্রাজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পথ চলার চ্যালেঞ্জ উত্তরণ এবং দেশে উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে দুই দিনব্যাপী উদ্যোক্তা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল ৩০ জুলাই সকালে নগরীর একটি হোটেলে ৩য় বারের মত আয়োজিত উদ্যোক্তা উৎসবে থাকছে ৮টি সেমিনার ও কর্মশালা। ৩৫ জন উদ্যোক্তা, বিশেষজ্ঞ, পেশাজীবী, শিক্ষাবিদ বক্তা ও প্যানেলিস্ট হিসাবে উৎসবে যোগ দেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আব্দুল কাদের, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবউররহমান রুহেল, ইন্ডিডেন্ট অ্যাপ্যারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএমআবু তৈয়ব, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মনজুরুল হক, টালি সিলিউশনের কান্ট্রি ম্যানেজার জুনিয়র সানজি এবং মিডিয়াগ্রাফি এডভার্টাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী মিল্টন দাশ বিজয় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে নতুন নতুন আইডিয়া নিয়ে ব্যবসায় আসতে হবে। তবেই সারাদেশের চেয়ে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা সফল হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আয়োজক মিল্টন দাশ বিজয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম বলেন, ব্যবসায়িক পরিমণ্ডলে সফল হতে হলে পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ের বিকল্প কিছু নেই। ব্যর্থতা আসলেও দমে না গিয়ে লেগে থাকলে সাফল্য এসে ধরা দেবেই।

মাহবুবউররহমান রুহেল বলেন, বাংলাদেশের তরুণরা প্রতিকূলতাকে আমলে না নিয়ে কাজ করে গেলে নিজে সফল হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে।

উৎসবের প্রথম দিনের প্রথম পর্বে বেলা ১১ টায় ‘সফল যারা কেমন তারা’ নামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সাড়ে তিনটা থেকে ৫ টা পর্যন্ত ‘নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সেমিনার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে রোহিঙ্গা নিহত
পরবর্তী নিবন্ধবিএনপির তহবিল ফের চাঙ্গা