চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের উদ্যোগে ‘স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন— বীর মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন কাদেরী শওকত, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. সুবল আচার্য, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা এবং বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী। এছাড়াও সাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পরিচালনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানান। একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পরিষদ গঠন করে প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামরুল হাসান হারুন এবং প্রধান আলোচক ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ওবায়দুল করিম। এছাড়াও ড্যাব চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনসহ সংগঠনের বিশিষ্ট আজীবন সদস্যরা বক্তব্য প্রদান করেন।












