স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের উদ্যোগে পথ সমাবেশ ও পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। গতকাল শনিবার নিউমার্কেট মোড়ে সমাবেশ এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর সভাপতি রিপা মজুমদার, কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,১৯৮৩ সালে এরশাদ সরকার শিক্ষা বাণিজ্যিকীরণ করে এবং টাকা যার শিক্ষা তার এই নীতি প্রণয়ণ করে। এরশাদের শিক্ষা নীতি বাতিলের দাবিতে সারাদেশে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে শহীদ হন দীপালি সাহা, কাঞ্চনসহ আরো অনেকে। এরপর থেকে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন করা হয়। আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করি সবার জন্য শিক্ষা উন্মুক্ত করবে, মৌলিক অধিকার নিশ্চিত করবে এবং বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার নিবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যতবারই শিক্ষার উপর আঘাত এসেছে লড়াই করেছে। একই কায়দায় সামনের দিনের সরকার যদি শিক্ষাসহ বিভিন্ন গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজপথে লড়াই করবে। প্রেস বিজ্ঞপ্তি।












