নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এদিন দুপুর আড়াইটায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র। এ সময় প্রধানমন্ত্রীর কাছে চসিকের তিন বছরের উন্নয়ন প্রতিবেদন হস্তান্তর করে মেয়র নগর উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী চসিকের কর্মকাণ্ডে ‘সন্তোষ’ প্রকাশ করেন এবং উন্নয়ন প্রতিবেদন জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করার নির্দেশনা দেন। এ সময় মেয়রের সাথে তাঁর পরিবারের সদস্যবৃন্দ ছিলেন। সাক্ষাৎকালে মেয়র প্রধানমন্ত্রীর কাছে নগরবাসীর জন্য সুস্থ বিনোদনের প্রসারে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পার্ক গড়ার পরিকল্পনা ব্যক্ত করেন এবং পার্ক নির্মাণে ভূমি বরাদ্দ চান প্রধানমন্ত্রীর কাছে।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম চৌধুরী আজাদীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এত সুন্দর চট্টগ্রাম শহর, কিন্তু এখানে কোনো পার্ক নেই। শিশুদের পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদনের জায়গা নেই। মানুষকে কী জবাব দেব। মেয়র বলেন, শহরে পার্ক করার জন্য কর্ণফুলী নদীর তীরসহ কয়েকটি জায়গার প্রস্তাব করেছি প্রধানমন্ত্রীর কাছে। তখন প্রধানমন্ত্রী এ বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
উন্নয়ন প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করে রেজাউল করিম চৌধুরী আজাদীকে বলেন, দায়িত্বপালনকালের তিন বছরের অর্জনের উপর প্রণীত ‘উন্নয়ন প্রতিবেদন’ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করি। প্রধানমন্ত্রী বইটি পড়ে প্রশংসা করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি আরো বেশি জনগণের কাছে প্রচারের জন্য নির্দেশ দেন। এক্ষেত্রে বইটি আরো ছোট করে বা মূল জিনিসটি নিয়ে আরো বেশি সংখ্যক কপি ছাপিয়ে মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেন।
মেয়র আরও বলেন, নগর উন্নয়নে সিটি কর্পোরেশনের গৃহীত নানা উদ্যোগ ও কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করি। প্রধানমন্ত্রী এতে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে চসিকের জনসংযোগ শাখা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাশে গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মেয়র। ২০৩০ সালের মধ্যে দেশে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছে, প্রধানমন্ত্রী কর্তৃক গৃহিত চট্টগ্রামের বিভিন্ন প্রকল্পের কারণে এ লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মেয়র রেজাউল। চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্ববাণিজ্যের হাব হয়ে উঠবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মেয়র। চট্টগ্রামের উন্নয়নকে প্রাধিকার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের জনগণের পক্ষে মেয়র ধন্যবাদ জানান।












