নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও ৭৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার ৪০ নম্বর ওয়ার্ডের কেএইপিজেড মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজ এবং স্টিলমিল বাজার খালপাড় সড়ক উদ্বোধনকালে মেয়র এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। মেয়র জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান। এসব ব্রিজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উদ্বোধনকৃত কেএইপিজেড মোড়ের ফুটওভার ব্রিজটি ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ব্রিজটির দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় এক লক্ষ গার্মেন্টস শ্রমিক ও ইপিজেডের কর্মকর্তা–কর্মচারী নিরাপদে পারাপার হবেন। ফলে সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি যানজট নিরসনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মেয়র। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় স্টিলমিল বাজার খালপাড় সড়ক। প্রায় ১২০০ মিটার দৈর্ঘ্য ও ২০২৫ মিটার প্রস্থের এ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা। সড়কটি চালু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর চলাচল সহজ হবে এবং সংশ্লিষ্ট এলাকার ব্যবসা–বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন মেয়র। মেয়র আরও বলেন, নগরীর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা। পরিকল্পিত ফুটওভার ব্রিজ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পথচারী ও যানবাহন উভয়ের জন্যই একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












