নগরীতে মাদক, ছিনতাই, জুয়াড়ি ও কিশোর গ্যাং প্রতিরোধে এস ড্রাইভ অভিযানে আরো ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল নগরীর কোতোয়ালীসহ ১৬ থানা এলাকাজুড়ে পরিচালিত অভিযানেই তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ১ হাজার ৬৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে সদরঘাট থানা পুলিশ ৪৭ পিস, বাকলিয়া থানা পুলিশ ১ হাজার পিস ও আকবরশাহ থানা পুলিশ ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেন।
নগর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের ৮জন মাদক কারবারি, ১৭ জন ছিনতাইকারী, চাঁদাবাজ ২ জন, ১২ জন জুয়াড়ি ও কিশোর গ্যাং সদস্য রয়েছে ৯ জন। নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের মামলা দায়ের পরবর্তী আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে আইন–শৃঙ্খলা বাহিনী মাদক, ছিনতাই, জুয়াড়ি ও কিশোর গ্যাং প্রতিরোধে নগরীতে এস ড্রাইভ অভিযান পরিচালনা করে আসছে। গত রোববার এস ড্রাইভ অভিযানে গ্রেপ্তার হয়েছিল ৩৮ জন।











