নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সিএমপির বিশেষ নির্দেশনা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল মঙ্গলবার সিএমপি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয় যে, ঈদ উপলক্ষে অনেকেই বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান তালাবদ্ধ রেখে গ্রামের বাড়ি বা অন্যত্র চলে যান। এ সময় চুরি, ডাকাতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাসা বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজায় উন্নতমানের অতিরিক্ত তালা ব্যবহার করতে হবে। নগদ অর্থ, স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী ফাঁকা বাসায় না রেখে নিরাপদ স্থানে সংরক্ষণ বা প্রয়োজনে ব্যাংক লকারে রাখতে বলা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও এলার্ম সিস্টেম সচল রাখা এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নিরাপত্তাকর্মীদের জাতীয় পরিচয়পত্র ও ছবি সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া বাসা ত্যাগের আগে সংশ্লিষ্ট বিট অফিসার বা থানাকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংকবীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ডিউটি জোরদার করা, কর্মকর্তাকর্মচারীদের একসঙ্গে ছুটি না দেওয়া এবং মনিটরিংয়ের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়েছে। ভল্ট এলাকায় সিসিটিভি কাভারেজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সিএমপি নাগরিকদের রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ আলোকিত রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া ভ্রমণকালে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি বা মলম পার্টির তৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যক্তিগত গাড়ি চালানোর ক্ষেত্রে বেপরোয়া গতিতে ড্রাইভিং না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে থানায় জানাতে অনুরোধ জানিয়েছে সিএমপি। এছাড়া মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে স্থানীয় পুলিশ ফাঁড়ি বা থানাকে অবহিত করার কথা বলা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সিএমপি কন্ট্রোল হটলাইন ০১৩২০০৫৭৯৯৮ ও ০১৩২০০৫৭৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সিএমপি নগরবাসীকে আইন মেনে চলা ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঈদ হোক নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস লিকের প্রমাণ মেলেনি
পরবর্তী নিবন্ধভোগান্তি ছাড়াই বাড়ি যাচ্ছে মানুষ