নকল সফট ড্রিংক ও নুডলস উৎপাদন রাউজানে কারখানা সিলগালা, আটক ৫

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়া পথেরহাটের প্‌িময়া মার্কেটের পেছনে নকল সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইন কারখানায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। সিলগালা করে দিয়েছে কারখানাটি। ওই কারখানার দরজা বন্ধ রেখে ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল নকল নুডলস, ‘ট্যাং’ সদৃশ সফট ড্রিংক পাউডার, টেস্টি স্যালাইন।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নকল পণ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণের দায়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও কারখানার মালিক ও ব্যবস্থাপক উপস্থিত না থাকায় উৎপাদন কাজে জড়িত ৫ জনকে আটক করে নিয়ে যায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ওই কারখানায় অবৈধভাবে সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইনসহ নানা ধরনের পণ্য তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছিল। পণ্যের প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হলেও কোনো অনুমোদন ছিল না। অভিযানের সময় মালিক পক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় কাজে নিয়োজিত ৫ জনকে আটক করেছি। প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের সময় রাউজান থানা পুলিশের একটি দলসহ উপস্থিত ছিলেন বিএসটিআই’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার, ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন, রাউজান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান প্রমুখ।.

পূর্ববর্তী নিবন্ধসার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমাদক সেবন হাটহাজারীতে ৫ জনের কারাদণ্ড