ধোপাছড়িতে বাঁশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২

চন্দনাইশ প্রতিনিধি  | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

চন্দনাইশের দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নে বাঁশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ধোপাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড শঙ্খকুল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খকুল এলাকায় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষিত বনের বাঁশ কেটে ব্যবসা করে আসছে। সংরক্ষিত বনের বাঁশ কেটে এনে বনবিভাগের ধোপাছড়ি ও সাঙ্গু বনবিটের মধ্যখানে বাজার বসিয়ে প্রতিদিন লাখ লাখ বাঁশ বিক্রি করলেও বনবিভাগ সম্পূর্ণ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এ সুযোগে দিনের পর দিন সম্পূর্ণ অবৈধভাবে ওই স্থান থেকে ট্রাকে ট্রাকে বাঁশ পাচার করে আসছে সিন্ডিকেটটি। এ নিয়ে এলাকায় প্রায় সময় বিরোধ লেগে থাকে। সর্বশেষ গত বৃহস্পতিবার বাঁশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের দুই দফা সংঘর্ষে আহত হয় ধোপাছড়ি ক্যাম্প পাড়ার আবদুল মালেকের ছেলে দিদারুল আলম (৩৫), মোস্তাফিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৪)। এ সময় স্থানীয়রা আহত দিদারুল আলমকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাঞ্চন কুমার সিংহ সাংবাদিকদের জানান, বাঁশের ব্যবসা নিয়ে ২ গ্রুপের মধ্যে ২ দফা সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অন্যথায় আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষানুরাগী কামাল উদ্দিন আহমদ স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধআ. লীগ নিষিদ্ধ ও বিচার দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ