নরসিংদীসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েজ অফ স্টুডেন্ট’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, নরসিংদীতে সমপ্রতি একটি নির্মম ঘটনা ঘটেছে। এর আগেও দেশে এমন অনেক নৃশংস ঘটনা ঘটেছে। হায়েনার মতো মানুষ এসব কাজ করছে, যা আমাদের জন্য লজ্জাজনক। আজও একটি নতুন ঘটনা ঘটেছে। আমরা এমন দেশে বাস করছি, যেখানে মা–বোনের নিরাপত্তা নেই। আইন ও বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং গ্রেপ্তারের পরপরই শাস্তির ব্যবস্থা করতে হবে।
নাট্যকলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উলফাতুর রহমান রাকিবের সঞ্চালনায় ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিয়াদ বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরেক শিক্ষার্থী তাহসিনা রহমান বলেন, মাত্র চার দিনে সাতজন শিশু ধর্ষণের শিকার হয়েছে।
মানুষ এমন পর্যায়ে নেমে গেছে যে শিশুদেরও ছাড় দিচ্ছে না। ধর্ষকের একটাই পরিচয় সে অমানুষ ও কীট। তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শুধু দেখানো গ্রেপ্তার নয়, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।












