বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা গ্রামের একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ফিরে পেছনের দরজা খোলা এবং ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
ভুক্তভোগী লাভলী বড়ুয়া বলেন, সকাল ৯টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে আমরা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম। বিকেলে নগরে ডাক্তার দেখাতে যাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ফিরে এসে এলোমেলো ঘর ও খোলা দরজা দেখতে পাই। চোরেরা দুটি আলমিরার লক ভেঙে নগদ ৩ লাখ টাকা এবং ৬ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে। এ ঘটনায় তিনি বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লাভলী বড়ুয়ার স্বামী শিমুল বিকাশ বড়ুয়া জানান, তিনি স্থানীয় ধম্মানন্দ বিহারের কোষাধ্যক্ষ। বিহারের উন্নয়ন কাজের নগদ অর্থ এবং নিজের মাসিক বেতন আলমিরার ড্রয়ারে রাখা ছিল, যা চোরেরা নিয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।











