দ্রুত ভূমি সংক্রান্ত সেবা প্রদানে নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় তিনি বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। তিনি গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ভূমি ভবন’ পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে নাগরিকরা কীভাবে সেবা পাচ্ছেন, তা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে এসএ খতিয়ান, আর এস খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহের জন্য আগত সেবা প্রত্যাশীদের সাথে তিনি সরাসরি কথা বলেন। প্রতিমন্ত্রী তাদের কাছ থেকে সেবার মান এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে তার একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধএকাত্তরের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীনের চিরবিদায়