দ্য হানড্রেডে মোস্তাফিজের সতীর্থ হবেন যারা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্ব আঙিনায় বাংলাদেশের প্রতিনিধি এখন মোস্তাফিজ। তবে দা হান্ড্রেডে আগে খেলা হয়নি তার। একশ বলের ক্রিকেটর আসরে এবারই প্রথম পা পড়বে ৩০ বছর বয়সী পেসারের। আগে ড্রাফট পদ্ধতি থাকলেও প্রথমবারের মতো এবার নিলাম হয়েছে দ্য হানড্রেডে। ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে মোস্তাফিজকে নিয়েছে ফিনিক্স। ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকে ৭০ হাজার পাউন্ডে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইথান ব্রুকস বিপিএল খেলে গেছেন সিলেট টাইটানসের হয়ে। নিলামে দলটি সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে অবশ্য উসমান তারিককে নিয়ে। পাকিস্তানি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে নেওয়া হবে কি না, এমন নানা সংশয় ও আলোচনা ছিল। ভিন্ন ধরনের বোলিং অ্যাকশনের জন্য তুমুল পরিচিতি পাওয়া রহস্য স্পিনারকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে ফিনিক্স। এই দলের সবচেয়ে বড় তারকা ও সবচেয়ে দামি ক্রিকেটার জেকব বেথেল। ইংল্যান্ডের উঠতি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত এই অলরাউন্ডারকে নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে দলটি। আলোচিত আরও দুজন স্পিনিং অলরাউন্ডার আছে এই দলে। প্রতিভাবান লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকে দলে পেয়েছে তারা ২ লাখ ৫০ হাজার পাউন্ডে, ছক্কাপ্রিয় আগ্রাসী দক্ষিণ আফ্রিকা অফ স্পিনিং অলরাউন্ডার ডনোভান ফেরেইরাকে পেতে লেগেছে ২ লাখ ১০ হাজার পাউন্ড। হার্ড হিটিং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল ওয়েন এই দলে খেলবেন ১ লাখ ৩০ হাজার পাউন্ডে। এছাড়া নানা সমেয়ে বিপিএল খেলে যাওয়া লরি ইভান্স, ক্রিস উডরা আছেন এই দলে। হানড্রেডের এবারের আসর হবে ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট। সীমিত ওভারের ক্রিকেটে ওই সময়টায় কোনো খেলা নেই বাংলাদেশের। বিসিবির অনাপত্তিপত্র পেলে তাই পুরো মৌসুমই খেলতে পারবেন মোস্তাফিজ। বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড: জেকব বেথেল, রেহান আহমেদ, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েল, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিড, জর্ডান টমসন, স্কট কুরি, লরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকস, মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধআবুরখীল খেলোয়াড় সমিতির কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরান আউট করলেন মিরাজ রেগে মাঠ ছাড়লেন সালমান