দ্বৈত চরিত্রের মানুষ

আলেয়া আরমিন আলো | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:২০ পূর্বাহ্ণ

আমরা মানুষ! ভালোমন্দ মিলিয়েই মানুষের পরিচয়। মানুষের মধ্যে ভালোত্ব কিংবা মন্দত্বের বহিঃপ্রকাশ ঘটে তার সুন্দর ও অসুন্দর স্বভাব কিংবা চারিত্রিক আচরণের বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে। যেমন- ভদ্র স্বভাবের সদালাপী বিনয়ী ও পরোপকারী এবং সচ্চরিত্রের মানুষদের আমরা ভালো মানুষ বলি। অপরদিকে ধৈর্যহীন, উগ্র বদমেজাজী,চরিত্রহীন ও কথাবার্তায় অভদ্রতা পরিলক্ষিত হয় এমন মানুষদের মন্দ বলে জানি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আজকাল এই দুই শ্রেণীর মানুষদের চেয়েও সংখ্যায় বেড়ে যাচ্ছে অসুস্থ মন ও মস্তিষ্কের দ্বৈত চরিত্রের মানুষ। যারা নিজের উপরিভাগে সর্বদাই ভালোত্বের মুখোশ এঁটে থাকে, আর ভেতরটা মন্দের কালিতে লেপ্টে রাখে। এক বুকে হাজারটা মন পোষে নিত্যই সরলতার কাজলে ঢেকে রাখে ভয়ঙ্কর গরল দৃষ্টি। এরা নিজের হৃদয়টাকে তো হিংসার আগুনে পোড়ায়ই, সাথে আশেপাশের মানুষগুলোকেও অহেতুক দম্ভের বশবর্তী হয়ে খুব চতুরতায় সহাস্যেই আঘাত করে। নিজেদের খুব চালাক ভাবে বলেই হয়তো বোঝেই না তার স্বীয় ব্যবহারে পাশের মানুষগুলোর চোখে ততক্ষণে তার হীনম্মন্যতার পরিচয় স্পষ্ট হয়ে যায়। কেউ কেউ জেনে যায় তিনি আসলে মুখোশের আড়ালেই মুখ লুকিয়ে রাখেন। এরা খুবই ধূর্ত প্রকৃতির মানুষ হয়। আজকাল সমাজ ও সংসারে এই প্রকৃতির মানুষ দিনদিন বেড়েই চলেছে। এদের সাথে খাপ খাইয়ে চলা খুবই কঠিন, তবে নিজে সৎ ও ধৈর্যশীল হলে তা অসম্ভবও নয়। যেমন ধরুন একটি মানুষ একসাথে সকলের কাছে ভালো হতে পারে না। তবে সবার সাথে সাধ্যমতো বিনয়ী হয়ে চলতে চেষ্টা করতে পারে। আর এই মিলিয়ে চলার ক্ষমতা তাদেরই থাকে যারা সময়ের অবস্থা বোঝে ধৈর্যধারণ ও সহনশীলতার ক্ষমতা রাখে। এক্ষেত্রে নীরবতাও বুদ্ধিমান মানুষের পরম বন্ধুর কাজ করে। আমার জীবনে এমন ধৈর্যশীল মানুষও দেখেছি যারা অনেক অবান্তর অভিযোগ কিংবা অনুযোগে ভীষণ রাগের মধ্যেও নীরব থেকে ভয়ঙ্কর পরিস্থিতিগুলো খুব সুন্দর ও সাবলীলভাবে সামলে নিয়ে চমৎকার সমাধান দিয়েছেন। জটিল মনের মানুষগুলোকে তারা নির্বাক থেকেই তাদের হীনম্মন্যতা বুঝিয়ে দিয়েছেন খুবই সাবলীলভাবে। তাই আমার মতে ভালো মন্দকে সাথে নিয়েই আমাদেরকে চলতে হবে। অসুস্থ ও অসুন্দর মনের মানুষদের ভয়ে আমরা বেঁচে থাকার স্বাদকে বিস্বাদে পরিণত না করে বরং তাদের সাথে থেকেই সাবধানে তাদের এড়িয়েও চলবো। কারণ, এই মানুষগুলোও আমাদেরই, তারা আমাদের সংসার, সমাজ ও জীবনেরই অংশ।
লেখক : কবি, প্রাবন্ধিক

পূর্ববর্তী নিবন্ধআমজনতা খেলার পুতুল
পরবর্তী নিবন্ধশিশুর মানসিক স্বাস্থ্য সমস্যা : ঔষধ বনাম থেরাপি