দ্বিতীয় দিনে বিকেএসপি, রংপুর এগিয়ে

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বিকেএসপির বিপক্ষে সিলেট ২১৭ রানে পিছিয়ে আছে। তিনদিনব্যাপী খেলার দ্বিতীয় দিনে বিকেএসপি ৪৩৯ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। দলের দুই ব্যাটার শেখ জারিফ সিয়াম এবং রাকিব খান দুজনেই সেঞ্চুরি হাঁকান। দুজনেরই সংগ্রহ ১৪৭ রান। সিলেটের বোলার তানবির হোসেন সজিব ৯১ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। সিলেট প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট ৩০ রানে ৪ উইকেট হারায়। এদিকে হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অপর খেলায় ঢাকা বিভাগ দক্ষিণের বিপক্ষে রংপুর বিভাগ ১৫১ রানে এগিয়ে আছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ প্রথম দিনে ৭ উইকেটে ২০৫ রান করেছিল। দ্বিতীয় দিনে রংপুর তাদের প্রথম ইনিংস শেষ করে ২১৫ রানে। দলের আবু সাইয়িদ ৯৯ রান করে আউট হয়ে যান। ঢাকা বিভাগ দক্ষিণ তাদের প্রথম ইনিংসে ১৩৯ রানেই অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ৪ উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছে।

পূর্ববর্তী নিবন্ধরেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি টার্ফ ওয়ার ফুটসালের সমাপনী