দোহাজারীতে দখলমুক্ত হলো ব্রিটিশ আমলে নির্মিত সড়ক

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভায় অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত একটি সড়ক দখলমুক্ত করা হয়েছে। প্রায় ৫০ বছর আগে ২৫ ফুট প্রস্থের সড়কটি বেদখল হয়ে যায়। ধীরে ধীরে চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। তবে দেরিতে হলেও চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা সড়কটি দখলমুক্ত করতে উদ্যোগ নেন। গতকাল মঙ্গলবার দোহাজারী ভূমি অফিস এবং দোহাজারী পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কটি পরিমাপ করে প্রাথমিকভাবে ৩৯ শতক জায়গা দখলমুক্ত করেন এবং পাকা সীমানা পিলার স্থাপন করেন। এসময় উপজেলা সার্ভেয়ার মো. আবু তাহের, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, দোহাজারী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, তৎকালীন ব্রিটিশ আমলে দোহাজারী রেলওয়ে স্টেশন থেকে বড়ুয়া পাড়া, সাতছড়ি, ময়নার বাপের পাহাড় হয়ে হিমছড়ি পর্যন্ত দোহাজারী পৌরসভার ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের উত্তরদক্ষিণের সীমানা নির্ধারণী সড়কটি নির্মাণ করা হয়। স্থানীয়দের কাছে যা মোটর রাস্তা হিসেবে পরিচিত। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৪০ সালে ব্রিটিশ ও জাপানের মধ্যে সংঘটিত দেশ দখলের যুদ্ধে ব্রিটিশ সৈন্যরা নিরাপত্তা জনিত কারণে চন্দনাইশের গহীন পাহাড়ি অঞ্চল হিমছড়ি নামক স্থানে ক্যাম্প স্থাপন করে। সে ক্যাম্পে যাতায়াত করতে ২৫ ফুট প্রস্থ ও প্রায় ৩ কিলোমিটার লম্বা সড়কটি নির্মাণ করা হয়। তখন সড়কটি দিয়ে ব্রিটিশ সৈন্যরা যুদ্ধের রসদবাহী যানবাহন আনানেয়া করতো। পরবর্তীতে যুদ্ধ বন্ধ হয়ে গেলে ব্রিটিশ সৈন্যরা ক্যাম্প ছেড়ে চলে যায় এবং তা পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু তখন থেকেই কৃষকরা সড়কটি দিয়ে তাদের উৎপাদিত কৃষিপণ্য আনানেয়া করতেন। কিন্তু কালের পরিক্রমায় সড়কটি বেদখল হয়ে যায়। কেউ কেউ সড়কটির বিভিন্ন অংশ দখল করে স্থাপনাও নির্মাণ করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা সচিত্র প্রতিবেদন প্রকাশ করলে প্রশাসনের নজরে আসে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর সড়কটি পুনরুদ্ধার পূর্বক সংস্কার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে আবেদন করেন। সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা প্রদান করলে তিনি গতকাল সড়কটি দখলমুক্ত করতে সরেজমিন আসেন এবং পরিমাপ করে প্রায় ৩৯ শতক জায়গা দখলমুক্ত করেন।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা জানান, দখলমুক্ত সড়কটি যাতে আবারো দখল হয়ে না যায় তার জন্য পৌরসভার পক্ষ থেকে ব্রিক সলিং কাজ সম্পন্ন করতে পৌরসভার প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট মেডিকেল সেন্টারে আলট্রাসনোগ্রাফি সেবা উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সাথে কাজ করবে জাইকা