দোল পূর্ণিমা (হোলি) উৎসব উপলক্ষে নগরের মিউনিসিপ্যাল স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ভক্তিমূলক সঙ্গীত, আবির উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে ধর্মীয় নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শাহাদাত হোসেন বলেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে সাম্যের চট্টগ্রাম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এমন একটি নগরী গড়ে তুলতে চাই, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
তিনি বলেন, দোল পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা বহন করে। চট্টগ্রাম দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মেয়র বলেন, প্রত্যেক ধর্মই ন্যায়, সততা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। আমরা যদি নিজ নিজ ধর্মের মানবিক শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করি, তবে একটি ন্যায়ভিত্তিক ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা সম্ভব। সন্ত্রাস, সহিংসতা ও উগ্রতা কোনো ধর্মের শিক্ষা নয়। এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর সব ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।











