দোলনায় খেলছিল শিশুটি, গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে থাকা দোলনায় খেলছিল শিশু আকরিদা জান্নাত আইরিন (১০)। এ সময় হঠাৎ ওড়না পেঁচিয়ে মারা যায় সে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারার তেইল্যারবিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আকরিদা জান্নাত আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে মাদরাসা থেকে বাড়ি ফিরে বাড়ির উঠানে দোলনায় খেলছিল আকরিদা জান্নাত আইরিন। এ সময় দোলনার ওপর রাখা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী এটি দুর্ঘটনা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার ২২, তিন মামলা, অস্ত্র ও অপরাধীদের নজরদারি কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার
পরবর্তী নিবন্ধথানা থেকে লুট অস্ত্রসহ বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেপ্তার