দৈনিক আজাদী পরিদর্শনে ‘সংবাদ সংগ্রহ ও লিখন’ কোর্সের অভিজ্ঞতা নিল শিক্ষার্থীরা

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গতকাল রবিবার স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদী কার্যালয় পরিদর্শন করেছেন। ‘সংবাদ সংগ্রহ ও লিখন’ শীর্ষক কোর্সের মাঠকর্ম ও সরেজমিন কাজের অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়।

দৈনিক আজাদী কার্যালয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান প্রধান প্রতিবেদক হাসান আকবর। শিক্ষার্থীরা দৈনিকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা দৈনিক আজাদীর মুদ্রণ দেখে বিস্ময় প্রকাশ করেন। আজাদীর পক্ষ থেকে মুদ্রণযন্ত্রের কাজ, প্লেট মেকিং ও পত্রিকা মুদ্রণের কারিগরি দিক সম্পর্কে জানানোর পাশাপাশি পত্রিকা মুদ্রণ করে শিক্ষার্থীদের প্রায়োগিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীদের সামনে দৈনিক আজাদীর গৌরবোজ্জ্বল ইতিহাস, প্রকাশনার ঐতিহ্য ও দলমতনির্বিশেষে সকল মানুষের কণ্ঠস্বর হিসেবে এর সম্পাদকীয় নীতি ও কাজের আদর্শ তুলে ধরা হয়। সংবাদে তথ্য যাচাই, অনলাইন ও সামাজিক মাধ্যমের সাথে প্রতিযোগিতা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, বিজ্ঞাপনের বাজার, সংবাদের ট্রিটমেন্ট, ডামি পৃষ্ঠাসজ্জা ও রিপোর্টিং ও ডেস্কের মধ্যে সমন্বয় প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীরা বাস্তব ধারণা লাভ করেন।

মতবিনিময়কালে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, সহযোগী সম্পাদক রাশেদ রউফ, বার্তা সম্পাদক দিবাকর ঘোষ ও প্রধান প্রতিবেদক হাসান আকবর। বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি শাহাব উদ্দিন নীপু কোর্স শিক্ষক হিসেবে এ পরিদর্শনে নেতৃত্ব দেন। এ সময় অপর কোর্স শিক্ষক অধ্যাপক ড. আতিকুর রহমানও উপস্থিত ছিলেন। বিভাগের দ্বিতীয় বর্ষের ৪৫ জন শিক্ষার্থী মাঠকর্ম পরিদর্শনের অংশ হিসেবে দৈনিক আজাদী পরিদর্শনের এই কর্মসূচিতে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার বৈরাগ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধদুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব