আমার এ দেশ জল শামুকের বাড়ি
বিল খিল মাঠ নকশি কাঁথায় ভোর
জলছবি দিয়ে আঁকে এক ইতিহাস
রচিয়েছিল সে অমলিন বাহুডোর।
আমাদের দেশ পলি মাটি বুকে তার
এত যে নরম পাঁজরের হাড়, নাড়ি
চিবুকে নিয়ত দুঃখ বেঁধেও, পরে
সবুজ বনের পাতার পাড়ের শাড়ি
জোনাকির বীজ লাগিয়ে রেখেছে গায়।
আলোকেরা তাই ভিড় করে এই দেশে
ভোরের সূর্য মা বলে ডেকে তারে
ফুলে ও ফসলে সাজিয়ে দিয়েছে শেষে।
বুকে নিয়ে তার অবাধ্য ছেলে মেয়ে
অনন্ত পথ এঁকেছে নদীমাতৃকা
দুখে ও সুখে সে লিখছে অমর গ্রন্থ
অবুঝের ভাষা ও বিজয়ের জয় টিকা।
আমাদের দেশ, পলি মাটি তার ভিত
বড়াইয়ের চেয়ে লড়াইয়ের বড় মূল্য
কাদামাটিটুকই বিশ্বাস কর, সত্য
এ দেশের সাথে নিবিড় সমতুল্য।







