তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা র্যাবের ভূমিকা নিয়ে কথা বলছেন, তারা আসলেই চান এই দেশে সন্ত্রাস–জঙ্গিবাদের অভয়ারণ্য হোক এবং মাদক আরো ছড়িয়ে পড়ুক। অন্যথায় এভাবে তারা ঢালাওভাবে কথা বলতে পারেন না। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যারা দেশ–বিদেশ থেকে ষড়যন্ত্র করছে, তারাই র্যাবের ভূমিকা নিয়ে অনেক কথা বলছে। অথচ এই র্যাব বাংলাদেশে মাদক–সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তাদের ভূমিকার কারণে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ আমরা অনেক উন্নত দেশের তুলনায় কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ‘কারিগরি সহায়তার মাধ্যমে র্যাবকে কাজে লাগিয়ে সকল অপশক্তি রোধে আমরা সক্ষম হয়েছি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, দেশে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আইনজীবী পরিবারের সন্তান। আইনজীবীদের পেশাগত মান মর্যাদার বিকাশে আমি সর্বদা সজাগ থাকি। চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন করবেন মর্মে ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি আশা করছি, শীঘ্রই এটি বাস্তবায়ন হবে।
তথ্যমন্ত্রী বলেন, আইনজীবী সমিতির কাজের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে চেম্বার সংকট লাঘবে প্রস্তাবিত ভবন নিয়ে আইনজীবীদের সাথে জেলা প্রশাসনের বিরোধের সৃষ্টি হয়েছে। আশা করছি, উক্ত বিষয়টি অতি দ্রুত নিষ্পত্তি হবে।
বক্তব্য শেষে তিনি প্রস্তাবিত একুশে ভবনের জায়গা পরিদর্শন করেন। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিল এডহক কমিটির সদস্য মো. মুজিবুল হক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, মো. কফিল উদ্দিন চৌধুরী ও রতন কুমার রায়।












