দেশে শনাক্তের হার ফের ২% ছাড়াল

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ

দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে; কিন্তু নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার দুই মাসের বেশি সময় পর ফের ২ শতাংশ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০২ শতাংশে। খবর বিডিনিউজের।
এর আগে গত ১৬ অক্টোবর শনাক্তের হার ২ শতাংশের নিচে নামে। মাঝে ১৯ অক্টোবর শনাক্তের হার ২ শতাংশের বেশি হলেও ২০ অক্টোবর থেকে দৈনিক শনাক্তের হার দুই শতাংশের নিচেই ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে। শুক্রবার আরও একজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে মোট ২৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ২৯২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪১ হাজার ৯৫৬ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। বৃহস্পতিবার দেশে ৩৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ২ জনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই কমেছে গত এক দিনে।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৯১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা যা মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩৯টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।

পূর্ববর্তী নিবন্ধজ্বলন্ত লঞ্চ থেকে লাফিয়ে বাঁচলেন পাথরঘাটার ইউএনও
পরবর্তী নিবন্ধরাস্তার মাঝখানে পিলার