দেশে ফিরেছে আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুরে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমার সীমান্তরক্ষী।

এরা হলেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পশ্চিমপাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো. বাপ্পি (২৮), একই এলাকার ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. জনি মিয়া (২২)

বিজিবি জানায়, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও দুইজনকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। পরে পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় শুরু করে।

বিজিবির এক কর্মকর্তা জানান, দীর্ঘ যোগাযোগ ও সমন্বয় প্রচেষ্টার পর অবশেষে শুক্রবার দুপুরে ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে যাচাইবাছাই শেষে আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ফিরে আসা তিন বাংলাদেশির এক স্বজন বলেন, আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। বিজিবির প্রচেষ্টায় তারা নিরাপদে দেশে ফিরেছে, এজন্য আমরা কৃতজ্ঞ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সময়ে আটক হওয়া ৩ বাংলাদেশি নাগরিককে সমন্বয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিজিবি সবসময় সীমান্তবর্তী এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ রয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

পূর্ববর্তী নিবন্ধচারদিকে তামাক, মাঝে স্ট্রবেরি
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ বিভ্রাটেও বন্ধ হবে না পড়াশোনা