দেশে ফিরেছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সামপ্রতিক পরিস্থিতির প্রভাবে আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে থাকতে হয় তাকে। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই তারকা ব্যাটার। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি। প্রথম পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার তার দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক আকাশপথে জটিলতা তৈরি হয়। দুবাই পৌঁছানোর পর তার ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে সৌদি আরবেই অবস্থান করতে বাধ্য হন তিনি। অবশেষে রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্বস্তির খবর দেন মুশফিক। পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।’ এর আগে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধস্বদেশে শোক আর মাঠে ইরানি মেয়েদের লড়াকু পরাজয়
পরবর্তী নিবন্ধচীনা কোচের চোখে বাংলাদেশ আগ্রাসী দল