দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন যুবারা বরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আগের রাতে ম্যাচ খেলে গতকাল শনিবার সন্ধ্যায় দেশে এসেছেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। সন্ধ্যা সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে আগেভাগেই বিমানবন্দরে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক নিজেই ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন ফাইনালে টাইব্রেকারে একটি শট ঠেকিয়েছিলেন। তাই অনুজদের অভিনন্দন জানাতে ফুল নিয়ে বিমানবন্দরে হাজির হন তিনি। অ২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন। এই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাফুফে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ আরও অনেকে ছিলেন। ফুটবল সংস্কৃতিতে উন্নত দেশে ক্লাব কিংবা জাতীয় দলের সাফল্যে ছাদ খোলা বাসের প্রচলন রয়েছে। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল প্রথম এই সম্মাননা পায়। ২০২৪ সালে পুনরায় সাফ চ্যাম্পিয়ন ও ২০২৫ সালে এশিয়া কাপে প্রথমবার ওঠার পর নারী দল আরও দুইবার এই ছাদ খোলা বাসে উঠেছিল। পুরুষ দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামজা-জামালদের কোচের সন্ধানে বাফুফে
পরবর্তী নিবন্ধবাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ