দেশে করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়েছে

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২৮ পূর্বাহ্ণ

দেশে করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। গতকাল শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৭৮ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১১ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধহুমকিতে থাকা সেন্টমার্টিন বাঁচবে কীভাবে
পরবর্তী নিবন্ধসপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম