দেশে এলেন নব্বই দশকের মডেল রিয়া

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:০৪ পূর্বাহ্ণ

নব্বইয়ের দশকে সাড়া জাগানো মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। তবে অভিনয়শিল্পী হিসেবেও তাকে পর্দায় দেখা গেছে। নিজের ক্যারিয়ার আর জনপ্রিয়তার আগুনে পানি ঢেলে ২০১৩ সাল থেকেই রিয়া যুক্তরাষ্ট্রে থাকছেন। এখন স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত, শান্ত এক প্রবাসজীবনই তার নিত্যদিনের সঙ্গী। সমপ্রতি স্বল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছেন নব্বইয়ের এই তারকা। খবর বাংলানিউজের।

দীর্ঘদিন পর ঢাকার এক ঘরোয়া আড্ডায় তার উপস্থিতি চোখে পড়তেই নস্টালজিয়ায় ভেসেছেন অনেকেই। সেই আড্ডার কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই কৌতূহল বাড়তে থাকে। কেমন আছেন আড়ালে থাকা সেই পরিচিত মুখ? খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন রিয়া। বাংলাদেশে আসার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। দেশে ফিরে গত সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় অংশ নেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, বিশ্বরঙ ফ্যাশন হাউসের কর্ণধার বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। মূলত রিয়ার দেশে আসাকেই কেন্দ্র করে এই আড্ডার আয়োজন। জানা গেছে, আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধস্মরণ : মৃত্যুঞ্জয়ী বীর মুক্তিযোদ্ধা এ. কে ফজলুল হক
পরবর্তী নিবন্ধউত্তরাধিকারের নতুন নাটক কল্পলোকে রঙ্গালয় ৯ জানুয়ারি