দেশে এক দিনে শনাক্ত ৫১২, মৃত্যু ২ জনের

| শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে বাংলাদেশে একদিনে নতুন রোগীর সংখ্যা পাঁচশর উপরেই রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৫১২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ৫০৯ জন করোনাভাইরাস শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ৭ জনের। এর আগে সর্বশেষ ১৩ অক্টোবর এর চেয়ে বেশি ৫১১ জন রোগীর সংক্রমণ ধরা পড়েছিল। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচেই ছিল। বুধবার দৈনিক শনাক্ত পাঁচশর কাছাকাছি পৌঁছায়। শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত নতুনদের নিয়ে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে। তাদের মধ্যে মোট ২৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৯০ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৮ কোটি ৬৫ লাখের বেশি রোগী।
বাংলাদেশে গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৪২৯ জনই ঢাকা বিভাগের, যা মোট আক্রান্তের ৮৩ শতাংশের বেশি। যে ২ জন মারা গেছেন, তার ঢাকা ও খুলনা বিভাগের বাসিন্দা। দেশের বাকি ছয় বিভাগে একদিনে করোনাভাইরাসে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৪৮৮টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের এই হার গত ৮ অক্টোবরের পর সর্বোচ্চ। ওইদিন নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৬ শতাংশ।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত একদিনে যারা মারা যাওয়া ব্যক্তির মধ্যে একজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ছিল ষাটের বেশি। একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। তারা দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধনগরে চার স্পটে টিকা পেল রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে হিমালয়ান জোড়া শকুন উদ্ধার