দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিলে চালু হচ্ছে : প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই যাতে খেলাধুলার সুযোগ পায়, সেজন্য শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের সন্তানেরা পড়ালেখার পাশাপাশি ছোটবেলায় নিয়মিত খেলাধুলাতেও আগ্রহী এবং পারদর্শী হয়ে উঠবে। শিক্ষা মন্ত্রণালয়ও ইতোমধ্যে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের কাজ শুরু করেছে।’

দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু হতে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে শিশুকিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। ‘বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি এক পর্যায়ে অনেকগুলো বছর বন্ধ থাকলেও বর্তমানে অনুষ্ঠানটি বিটিভিতে আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ শে এপ্রিল থেকে সিলেট থেকে সারা দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক চিঠিতে এই কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ সহযোগিতা করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

সারা দেশে এ কর্মসূচি সফল বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। মাউশি অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ জানায়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হবে। প্রাথমিকভাবে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং কাবাডি এই সাতটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তীতে ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।

এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের সুবিধার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মাউশি অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধটানা চার জয়ে মোহরা এশিয়ান সেমিতে
পরবর্তী নিবন্ধসাবিনার মাঠের দাবিতে প্রধানমন্ত্রী বললেন ‘অলমোস্ট ডান’