‘দেনা পাওনা’র জুটিকে নিয়ে ‘চেনা অচেনা’

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রযোজিত ‘দেনা পাওনা’র দারুণ সাফল্যের পর এ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া জুটি ফিরছে নতুন মিনি সিরিজ ‘চেনা অচেনা’য়। কে এম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’য় খাইরুল ও নিপা চরিত্রে তাদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। খবর বাংলানিউজের।

দুটি চরিত্রই ড্রয়িংরুম থেকে শুরু করে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ‘চেনা অচেনা’য় রাতুল চরিত্রে এ্যালেন শুভ্র ও আয়রা চরিত্রে পর্দায় আসছেন তাবাসসুম ছোঁয়া। নতুন সিরিজ পরিচালনা করেছেন রাজের অন্যতম সহকারী ওমর ফারুক। তিনি বলেন, জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনও ভাবেনি। মিনি সিরিজটিতে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একইসঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি।

চেনা অচেনার মাঝখানে দাঁড়িয়ে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়ার যাত্রা এটি। গল্পে একটি মিথ্যার মধ্য দিয়ে আয়রা ও রাতুলের সম্পর্ক শুরু হয়, কিন্তু সেই মিথ্যার ভেতর দিয়েই ধীরে ধীরে জন্ম নেয় সত্যিকারের আবেগ।

পূর্ববর্তী নিবন্ধলিটল ব্রাদার্স ও সেবা নিকেতনের প্রথম জয়
পরবর্তী নিবন্ধগান-অভিনয়ে পড়শীর ব্যস্ততা