দুর্বৃত্তের হামলা থেকে বাঁচতে হালদায় ঝাঁপ, কিশোর নিখোঁজ

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

কয়েকজন বন্ধুকে নিয়ে হাটহাজারীর মাদার্শা এলাকার একটি ওরশে গিয়েছিল রাউজানের উরকিরচর ইউনিয়নের কিশোর সাব্বির (১৯)। ওরশে কোনো একটি বিষয় নিয়ে সাব্বিরদের সাথে কথাকাটাকাটি হয় হাটহাজারী এলাকার কয়েকজন কিশোরের সাথে। গত ১৪ ফেব্রুয়ারি গভীর রাতের এই ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর সাব্বিররা হালদা নদীর রামদাশ মুন্সির ঘাটে এসে নৌকায় উঠছিল নদীর অপর পাড়ে নিজেদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। এসময় প্রতিপক্ষ দলটি নৌকা আটকিয়ে সাব্বিদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে আক্রান্তরা হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে নৌকা থেকে হালদা নদীতে ঝাঁপ দেয়। পরে সাব্বিরের সাথে থাকা দুজন সাঁতরিয়ে নদী থেকে উঠতে সক্ষম হলেও সাব্বির তলিয়ে নিখোঁজ হয়। এই তথ্য দিয়েছেন নিখোঁজ সাব্বিরের স্বজনরা। কিশোর সাব্বির উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের আব্দুল মান্নানের একমাত্র ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার পর থেকে নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যসহ নদীর দুই পাড়ে শত শত মানুষ তাকে উদ্ধারে নদীতে অনুসন্ধান চালিয়ে আসছে। গতকাল রোববার দুপুরে নদীতে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। গতকাল রাত আটটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আবদুল মান্নান জানান, জেলা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ৬ জনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে থাকা লোকজন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরের একটি জেলে পাড়ার কাছে নিখোঁজ তরুণের গায়ের জ্যাকেটটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

হালদাপাড়ের রামদাস মুন্সির হাটের নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী বলেন, হালদা পাড়ে সিসি ক্যামরা বসানো আছে। ক্যাম্পে রাখা মনিটরের তারা দেখেন একটি নৌকায় থাকা কয়েকজন কিশোরকে আরেকদল কিশোর লাঠি দিয়ে পেটাচ্ছে। আক্রান্তরা নদীতে লাফ দিতে দেখা যায়। তবে পুলিশ হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারেনি। পুলিশের এই কর্মকর্তা জানান, নিখোঁজ তরুণের সন্ধানে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা কাজ করছেন।

পূর্ববর্তী নিবন্ধদেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ
পরবর্তী নিবন্ধপুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাই কোর্টের