দুর্বৃত্তের ছুরিকাঘাত, সাগরিকায় যুবক খুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিটাক এলাকায় স্টেডিয়ামের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকাশ দাশ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে দিকে এ ঘটনা ঘটে।

আকাশ দাশের সহকর্মীরা জানান, কয়েকমাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল একটি চক্র। আকাশ প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত ছিল। এর জের ধরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। নিহত আকাশ দাশের বড় ভাই সাগর দাশ বলেন, রাত আটটার দিকে বাসায় ভাত খেয়ে কর্মস্থলে যান আকাশ। কারখানার সামনে পৌঁছালে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগবিতণ্ডায় জড়াতে দেখেন। একপর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে এগিয়ে যান আকাশ। এ সময় ওই যুবকরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আকাশ আগে একটি মৎস্য খামারে কাজ করতেন। পূর্ব বিরোধের জেরে তাঁর ভাইকে খুন করা হয়েছে বলে সাগর দাশ জানান।

ছুরিকাঘাতের পর আকাশকে উদ্ধার করে স্থানীয়রা পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে

নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, পূর্ব শত্রুতার জেরে সাগরিকায় আকাশ দাশ নামে এক যুবক হত্যার শিকার হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধসাত ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা গঠনপ্রক্রিয়া শুরু
পরবর্তী নিবন্ধফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের