দুর্নীতির ধারণা সূচকে সামান্য উন্নতি

টিআইয়ের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিচারে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে দুর্নীতি পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তাতে তাদের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি ঘটেছে এক ধাপ। দুর্নীতির এই ধারণা সূচকের (সিপিআই) ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) বিশ্বের ১৮২টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৫০ নম্বরে। গতবার এ তালিকায় বাংলাদেশ ১৫১ নম্বরে ছিল। আবার অধঃক্রম অনুযায়ী (খারাপ থেকে ভালো) বিবেচনা করলে বাংলাদেশ অবস্থান এবার ১৮২ দেশের মধ্যে ১৩তম, যেখানে গত বছর ছিল ১৪তম অবস্থানে। ১০০ ভিত্তিতে এই সূচকে বাংলাদেশের স্কোর এক বছরে এক পয়েন্ট বেড়ে হয়েছে ২৪। এই স্কেলে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বের ১৮২টি দেশ ও অঞ্চলের ২০২৫ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে বার্লিনভিত্তিক সংস্থা টিআই গতকাল মঙ্গলবার তাদের এই বার্ষিক সূচক প্রকাশ করেছে। খবর বিডিনিউজের।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের প্রতিবেদনের বিভিন্ন দিক এবং বাংলাদেশের দুর্নীতির পরিস্থিতি তুলে ধরেন। টিআইবি মনে করছে, এ বছর বাংলাদেশের এক পয়েন্ট স্কোর বৃদ্ধির পেছনে জুলাই অভ্যুত্থানের ফলে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যবহিত ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী বাস্তবতার প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রের মেয়াদভুক্ত ছিল না। তাই রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় আদতে বাংলাদেশের স্কোর ও অবস্থানের খুব একটা ইতিবাচক পরিবর্তন হয়নি।

গতবারের মতোই এ সূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে বাজে অবস্থায় আছে কেবল মিয়ানমার ও আফগানিস্তান। ১৬ স্কোর নিয়ে দুটি দেশই ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) রয়েছে তালিকার ১৬৯ নম্বরে। গতবারের মতোই এ সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান। ৭১ স্কোর নিয়ে ভুটানের অবস্থান সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী ১৮ নম্বরে। এরপর ভারত ও মালদ্বীপ ৯১ (স্কোর ৩৯), শ্রীলঙ্কা ১০৭ (স্কোর ৩৫), নেপাল ১০৯ (স্কোর ৩৪) ও পাকিস্তান ১৩৬তম (স্কোর ২৮)। ২৪ স্কোরে বাংলাদেশের সঙ্গে সূচকের একই অবস্থানের রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে।

বিশ্লেষণে দেখা যায়, ২০১২ সাল থেকে এই সূচকে বাংলাদেশের সবচেয়ে কম স্কোর ছিল ২০২৪ সালে, ২৩। অর্থাৎ দুর্নীতি পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান এক যুগের মধ্যে তখনই সবচেয়ে বাজে ছিল। এই সময়ের মধ্যে ২০২১ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৬, এরপর প্রতি বছর স্কোর কমেছে ১ পয়েন্ট করে। ২০১৭ সালের ২৮ ছিল এই সময়ে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

টিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এবারের সূচকে ১৮২টি দেশের গড় স্কোর গতবারের মতোই ৪২। তালিকায় এবার সবচেয়ে খারাপ অবস্থায় আছে আফ্রিকার দেশ সাউথ সুদান; তাদের স্কোর ৯। এরপরে রয়েছে যথাক্রমে সোমালিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, লিবিয়া, ইরিত্রিয়া, সুদান, নিকারাগুয়া, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইকুয়েটোরিয়াল গিনি। অন্যদিকে সর্বোচ্চ ৮৯ স্কোর নিয়ে গতবারের মতোই তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ডেনমার্ক। এরপরে রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, লুঙ্মেবুর্গ, নেদারল্যান্ডস ও জার্মানি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক খোকনের জামিন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার