দুবাইয়ে আটকা পড়া ৩৭৮ যাত্রী নিয়ে দেশে ফিরল ইউএস-বাংলার ফ্লাইট

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৫:১২ পূর্বাহ্ণ

ইরান যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৩৭৮ জন বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে ইউএসবাংলা এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইট। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএসবাংলা জানিয়েছে, ওই ফ্লাইটে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ক্রুও দেশে পৌঁছেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হয়। অনেক দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হলে ফ্লাইট চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। এ অবস্থায় বাংলাদেশে থাকা প্রবাসী কর্মীরা কর্মস্থলে ফেরার জন্য বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়েন। দেশে ফেরার প্রস্তুতি নেওয়া অনেকেও ফ্লাইট বাতিল হওয়ায় আটকা পড়ে যান।

বিমানের ক্রুরা পাঁচ দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন জানিয়ে ইউএসবাংলা বলেছে, ফ্লাইট ক্রুরা দুবাইতে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন। বাংলাদেশে থাকা তাদের পরিবার পরিজন চরম উৎকণ্ঠায় সময় পার করছিলেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিমানের ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করার করা হয়েছে। খবর বিডিনিউজের।

বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় রওনা দিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আটকা পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে ইউএসবাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির বিশেষ অনুমতি নিয়ে ঢাকা থেকে দুবাই রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছিল।

সেই বিশেষ ফ্লাইটের প্রথমটি বৃহস্পতিবার বাংলাদেশে অবতরণ করল। অপর ফ্লাইটটি দুবাই থেকে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এই দুটি বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে ৪৩৬ আসনের এয়ারবাস এ ৩৩০৩০০ এয়ারক্রাফট দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশু নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার