নগরীর পাহাড়তলীতে রেহনুমা ফেরদৌস মিতুল নামে কাউন্সিলরের পুত্রবধূর লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী নওশাদুল আমিনকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তিনি ১২ নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা নুরুল আমিন কালুর ছেলে। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার পুলিশের পক্ষ থেকে তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২ জুলাই সকালে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া ওয়ার্ডের পদ্মা পুকুর পাড়ে কাউন্সিলর নুরুল আমিনের বাড়ি থেকে তার পুত্রবধূ রেহনুমা ফেরদৌস মিতুলের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। বলা হয় মিতুল আত্মহত্যা করেছেন। মিতুল ৩১ নং আলকরণ ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমের বড় ভাই তারেক ইমতিয়াজের মেয়ে। চার বছর আগে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নওশাদের সঙ্গে মিতুলের বিয়ে হয়। দুই বছর আট মাস বয়সী একটি মেয়ে রয়েছে তাদের। এ ঘটনায় মিতুলের বাবা তারেক ইমতিয়াজ মেয়ের স্বামী ও তার শাশুড়িকে আসামি করে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে একটি মামলা করেন।











