দক্ষতা মূল্যায়নের মধ্যে দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা হলেন আহমদ মুসাননা চৌধুরী ও মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন। গতকাল বৃহস্পতিবার তারা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে অ্যাটর্নি জেনারেল কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছেন।
জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার থেকে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন শুরু হয়। প্রথম দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বুধবার ও বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেলদের মূল্যায়ন হয়। এর মধ্যেই দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন। খবর বিডিনিউজের।
মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, পেশায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে তিনি পদত্যাগ করেছেন। আহমদ মুসাননা চৌধুরী বলেন, গতকাল তার মূল্যায়ন ছিল। তিনি সেখানে অংশগ্রহণ করেননি। নিজের আইন পেশায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে তিনি পদত্যাগ করেছেন।













