দুই শিক্ষককে কর্মস্থলে যোগদানে বাধা, এডহক কমিটির সভাপতিকে বাদ

টাইগারপাস বহুমুখী উচ্চবিদ্যালয়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরের টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে কর্মস্থলে যোগদানে বাধা দেয়ার অভিযোগ উঠার পর স্কুলটির এডহক কমিটির সভাপতিকে বাদ দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। তার নাম হারুন অর রশিদ। সে ‘সরকারি আদেশ পালনে ব্যর্থ’ হয়েছে বলে গত মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়। একই আদেশ অনুযায়ী চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপীল এন্ড আরবিট্রেশন কমিটির সিদ্ধান্ত মেনে স্বীয় পদে যোগদান করতে গেলে টাইগারপাস বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক ও সিনিয়র সহকারী শিক্ষক আমেনা বেগমকে যোগদানে বাধা দেন হারুন অর রশিদ। এসময় এর মধ্যে মোজাম্মেল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্কুল থেকে বের দেয়া হয়।

এ বিষয়ে একইদিন বোর্ডের চেয়ারমানকে লিখিত অভিযোগ দেন মোজাম্মেল হক ও আমেনা বেগম। এতে বলা হয়, ‘আইনানুগভাবে বিদ্যালয়ে যোগদান ও স্বাভাবিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে তারা একই সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হারুন অর রশীদ ও তাঁর সহযোগী বহিরাগত কতিপয় ব্যক্তির দ্বারা যোগদানে ইচ্ছাকৃত ও বেআইনি বাধা প্রদান করা হয়, সরকারি আদেশকে প্রকাশ্যে অস্বীকার করা হয়।’ লিখিত অভিযোগে বলা হয়, ‘একপর্যায়ে আমাদের প্রতি শারীরিক হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়যার ফলে গুরুতর আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়।’

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক১ শাখা কর্তৃক ইতোপূর্বে দেয়া আদেশ প্রতিপালন না করায় এবং কারণ দর্শানের সন্তোষজনক না হওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডকে নির্দেশনা প্রদান করা হয় বলেও লিখিত অভিযোগে দাবি করা হয়। এতে বলা হয়, ‘সরকারি আদেশ অমান্যকারী ও সহিংস ঘটনার উস্কানি দাতা হারুন অর রশীদ এর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক’।

এদিকে গত মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, টাইগারপাস বহুমুখী উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হারুন অর রশিদ সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা২০২৫’ এর ধারা ১৮ () () অনুযায়ী তার সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই আদেশে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং স্বাভাবিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এডহক কমিটির অবশিষ্ট মেয়াদে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রামকে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম জানান, সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন না করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

মোজাম্মেল হক আজাদীকে বলেন, ২০২৪ সালের ১৪ আগস্ট মব করে স্কুল থেকে বের করে দেয়া হয়। সর্বশেষ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপীল এন্ড আরবিট্রেশন কমিটির ৪৯তম সভার সিদ্ধান্ত মেনে স্বীয় পদে যোগদান করতে গেলে বাধার শিকার হই। ওই দিন যারা আমাকে হেনস্তা করেছে ১৪ আগস্ট তারাই মব করেছিল। ঘটনার দিন হারুন অর রশিদ আজাদীকে বলেন, তাদের যোগদান করতে দিইনি, বিষয়টি এমন না। তারা আগেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কাজেই নতুন করে যোগদানের বিষয় নেই।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে আবারও অস্থির ভোজ্যতেলের বাজার
পরবর্তী নিবন্ধজামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬টি বিষয়কে অগ্রাধিকার ও ১০ প্রতিশ্রুতি