দুই ভিক্ষুককে মালামালসহ দোকান ঘর করে দিয়ে পুনর্বাসন

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুইজন ভিক্ষুককে দুই লাখ টাকা ব্যয়ে মালামালসসহ দুইটি দোকান ঘর করে পুনর্বাসন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়নে এ দোকান ঘর দুটি তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে দোকান ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী।

উপকারভোগীরা হলেন কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহনা বেগম ও জোয়ারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলম। নুরুল আলম তার প্রতিক্রিয়ায় জানান, ভিক্ষাবৃত্তি লজ্জাকর পেশা হলেও পেটের দায়ে এতদিন করতে হয়েছে। ভিক্ষাবৃত্তি করতে গিয়ে সমাজে অনেকের কাছে ছোট হতে হয়েছে। এখন দোকান উপহার পেয়ে সেই গ্লানি থেকে মুক্তি পেয়েছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী জানান, চন্দনাইশে ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই ভিক্ষুককে মালামালসহ দোকান ঘর নির্মাণ করে দিয়ে তাদের পুনর্বাসন করা হয়। তারা আর ভিক্ষাবৃত্তিতে জড়িত হবে নাএমন শর্ত দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধ২৩ আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা