নির্ধারিত পরিমাণের চেয়ে কম ডিজেল সরবরাহ করার দায়ে নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় দুটি ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল পৃথক অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হচ্ছে– মেসার্স হাজী আব্দুল আজিজ ফিলিং স্টেশন ও মেসার্স দাম্মাম ফিলিং স্টেশন।
বিএসটিআই চট্টগ্রাম অফিস জানিয়েছে, হাজী আব্দুল আজিজ ফিলিং স্টেশনের ডিজেল সরবরাহকারী যন্ত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ধারায় অপরাধ আমলে নিয়ে ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ জাহান শিকদার। একইভাবে মেসার্স দাম্মাম ফিলিং স্টেশনের ডিজেল সরবরাহকারী যন্ত্রেও নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি পাওয়া যায়। একই আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস। অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড কর্মকর্তা (সার্টিফিকেশন মার্কস) হাসিবুল হাসান এবং মেট্রোলজি পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার দায়িত্ব পালন করেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












