দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

বন্দর চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময়ে ভূটানের রাষ্ট্রদূত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি গতকাল রোববার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান তাকে স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান রাষ্ট্রদূতকে তার দায়িত্বকালীন চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অগ্রগতির বিষয়ে অবহিত করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর কন্টেনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে। পাশাপাশি জাহাজের ওয়েটিং টাইম শূন্যে নামিয়ে আনা, অটোমেশনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং আইএসপিএস টিমের মাধ্যমে ‘জিরো অবজারভেশন’ অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বন্দর।

ভূটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি এসব সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভূটান সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অভিনন্দন জানান। তিনি পূর্বে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভূটানে কন্টেনার পরিবহনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ভবিষ্যতে এই বন্দর ব্যবহারের মাধ্যমে ভূটানের আমদানিরপ্তানি কার্যক্রম আরো সম্প্রসারণের আশা ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদী পরিদর্শনে ‘সংবাদ সংগ্রহ ও লিখন’ কোর্সের অভিজ্ঞতা নিল শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন