মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের স্থবিরতা অব্যাহত রয়েছে। গত দুই দিনে মোট ১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত ৭টি ফ্লাইট (৪টি আগমন, ৩টি প্রস্থান)। এছাড়া ইউএস–বাংলা এয়ারলাইনসের ৪টি (২টি আগমন, ২টি প্রস্থান), এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ৪টি (২টি আগমন, ২টি প্রস্থান) এবং সালাম এয়ার–এর ৪টি (২টি আগমন, ২টি প্রস্থান) ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সংকটের মধ্যেও সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। এই দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৩টি আগমন এবং ১০টি প্রস্থান ফ্লাইট সচল ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস–বাংলা এয়ারলাইনস্র ফ্লাইট স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় এখন পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের মোট ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে ফ্লাইট সূচি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।













