কালোবাজারে বিভিন্ন ট্রেনের ৯টি টিকেট বিক্রিকালে চট্টগ্রাম রেলস্টেশনে গত ৩ জুলাই রাত সাড়ে ১০টায় র্যাব হাতেনাতে আটক করেছিল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবির) ২ সদস্যকে। এরপর তাদেরকে স্টেশনের আরএনবির নিরাপত্তা চৌকির ইনচার্জের হাতে হস্তান্তর করা হয়। কিন্তু টিকেট বিক্রিকালে গ্রেপ্তারের পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি আরএনবি। তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অথচ এর একদিন আগে ২ জুলাই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে কালোবাজারে ট্রেনের টিকেট বিক্রিকালে এক কালোবাজারিকে আটক করেছিল। তাকে জিআরপি থানায় হস্তান্তর করে জেলে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে আরএনবি কমান্ড্যান্ট সদর সিআরবি সত্যজিৎ দাশ জানান, সরকারি কর্মচারী হিসেবে আরএনবি সদস্যদের বিরুদ্ধে মামলা হয়নি। র্যাব তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদেরকে প্রথমে সাময়িক বরখাস্ত করেছি এবং তাদের বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছি। এরপর তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে। সাময়িক বরখাস্ত হলে কর্মস্থলে প্রতিদিন হাজিরা দিতে হয়। এখন তাদেরকে প্রতিদিন অফিসে হাজিরা দিতে হবে।
টিকেট কালোবাজারিতে কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু আরএনবির সদস্যদের বিরুদ্ধে কেন মামলা হলো না জানতে চাইলে তিনি বলেন, সরকারি কর্মচারী হিসেবে সরাসরি মামলা না হয়ে তাদের বিরুদ্ধে প্রথমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।












