দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ট্রাম্প বললেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া চুক্তি নয় । কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে : পেজেশকিয়ান । ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আজাদী ডেস্ক | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে সপ্তম দিনে গড়াল যুদ্ধ। দ্রুত বিস্তৃত হচ্ছে সামরিক সংঘাত। যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী (আইআরজিসি)। একই সময়ে ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাপাল্টা হামলায় ইরান, লেবাননসহ অঞ্চলজুড়ে বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। পাশাপাশি বাড়ছে মানবিক সংকটও।

ইরান ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত জানিয়ে দেশটির বিপ্লবী রক্ষা বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র বলেছেন, তারা এমন উন্নত অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে, যা এখনো এই সংঘাতে ব্যবহার করা হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি এক বিবৃতিতে বলেন, ইরানের নতুন হামলার ঢেউয়ে বেদনাদায়ক আঘাতের জন্য শত্রুদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এই প্রযুক্তিগুলো এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। চলমান সামরিক সংঘাতকে ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ বলে বর্ণনা করেন তিনি।

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। তিনি বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনও চুক্তি হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প একথা বলেন। পোস্টে তিনি জানান, আত্মসমর্পণের পর ইরানের একজন মহান ও গ্রহণযোগ্য নেতা বাছাই করা হবে। তিনি লিখেন, মেইক ইরান গ্রেট অ্যাগেইন’ (মিগা)!

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি লিখেছেন, পরিষ্কার বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দ্বিধা নেই।

মার্কিনইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩২ জনে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত এসব প্রাণহানি ঘটেছে। সাত দিন ধরে চলা মার্কিনইসরায়েলি হামলায় ইরানে ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেইন কলিভান্দ। বেশিরভাগ লক্ষ্যবস্তুই ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার’ ছিল বলে জানিয়েছেন তিনি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাতে ইরানে মারা গেছে অন্তত ১৮১ জন শিশু, লেবাননে ৭ জন, ইসরায়েলে ৩ জন এবং কুয়েতে এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, গত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়েছে বলে জানান তিনি।

ইরানের পাশাপাশি ইসরায়েলি বিমান হামলায় লেবাননেও বাড়ছে নিহতের সংখ্যা। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৭৯৮ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর থেকে দেশটিতে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে যে, এই হামলাগুলো হেজবুল্লাহ কমান্ড সেন্টার এবং ড্রোন স্টোরেজ লক্ষ্য করে চালানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে হেজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও হেজবুল্লাহর সাথে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর, ১৯ জনের অবস্থা মাঝামাঝি পর্যায়ে।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সামপ্রতিক হামলাগুলোতে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং শিগগিরই আরও হামলা চালানো হবে। সেনাবাহিনীর বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনীর স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলা আগামী কয়েক ঘণ্টা ধরে চলতে থাকবে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অভ্যন্তরে রাতভর পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তারা প্রতিহত করেছে। এঙএ প্রকাশিত একাধিক আপডেটে মন্ত্রণালয় বলেছে, রাজধানী রিয়াদের দক্ষিণপূর্বে অবস্থিত আলখারজ শহরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘আটকানো ও ধ্বংস’ করা হয়েছে। রাজধানীর আশপাশে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

চীন ও ইরান আলোচনা : অপরিশোধিত তেল ও কাতারের গ্যাস বহনকারী জাহাজগুলো যাতে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারে, সেজন্য ইরানের সঙ্গে আলোচনা করেছে চীন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। জাহাজের গতিপথ সংক্রান্ত তথ্যের বরাতে রয়টার্স এবং ব্লুমবার্গ লিখেছে, চীনা বলে দাবি করা একটি তেলবাহী জাহাজ বৃহস্পতিবার প্রণালিটি অতিক্রম করেছে।

এদিকে ইরানের সাথে মার্কিনইসরায়েল যুদ্ধকে ‘একটি অসাধারণ ভুল’ বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই যুদ্ধ অব্যাহত থাকায় ‘ক্রমবর্ধমান ঝুঁকি’ দেখছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস। তিনি বলেন, ইরানি জনগণের স্বাধীনভাবে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইরানকে প্রঙি যুদ্ধের ক্ষেত্র করে তোলা উচিত হবে না। এই যুদ্ধ অব্যাহত থাকায় “ক্রমবর্ধমান ঝুঁকি” দেখছেন বলেও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে প্রথম পারকিনসন রোগের চিকিৎসায় স্টেম-সেল অনুমোদন জাপানে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে আরো ১৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল