প্রায় দেড় বছরের টানাপোড়েন পেরিয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আলোচনার টেবিলে থাকছে গঙ্গা পানিবন্টন চুক্তির নবায়নের বিষয়ও।
ভারত মহাসাগরীয় সম্মেলনে মরিশাস যাওয়ার পথে আজ মঙ্গলবার দিল্লি যাবেন তিনি। দ্বিপক্ষীয় সম্পর্কের সব উপাদান থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটিকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে অভিহিত করছেন।
সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হার্ড ডিটেইল ডিসকাশন আগামীতে আরও হবে। এটা হচ্ছে শুরুটা যে, ‘আসুন আমরা সংলাপের পথটা খুলি’। এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুনও। খবর বিডিনিউজের।
দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পুরির সঙ্গে সাক্ষাৎ হবে খলিলুরের। দুপক্ষের সময় মিললে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।
বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, গঙ্গা ও তিস্তার পানিবন্টন চুক্তি, বাণিজ্য, সীমান্ত হত্যার মতো ধারাবাহিক আলোচনার বিষয়গুলোর পাশাপাশি ভবিষ্যৎমুখী বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবন্টন চুক্তি সই হয়। সেই হিসাবে, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ চুক্তির নবায়নের বিষয়ে এবারের দিল্লি সফরের আলোচনায় কোনো সিদ্ধান্ত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেন ওই শীর্ষ কর্মকর্তা।
দিল্লিভিত্তিক থিংক ট্যাংক ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে ১০ থেকে ১২ এপ্রিল মরিশাস নবম ভারত মহাসাগর সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সফরের আগে আজ মঙ্গলবার বিকালে দিল্লির পথ ধরবেন পররাষ্ট্রমন্ত্রী খলিল। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ৯ এপ্রিল পোর্ট লুইসের উদ্দেশে যাত্রা করবেন তিনি। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গও দিল্লিতে তোলার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ কর্মকর্তা। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, শেখ হাসিনা এবং রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ সেখানে রয়েছেন। তাদের কারও কারও বিচার হয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বিগত সরকারের সময়ে আমরা চিঠি দিয়েছি। এটা আমরা আবার তাদেরকে বলব।














