রাত ভাবে–আমি কবে আলোর দেখা পাব
দিন ভাবে–কবেই বা আমি আঁধারে হারাব!
এভাবেই রাত আর দিন হয় একে অন্য,
যেমন ভাবে হাসি–কান্না মিশে হয় পূর্ণ।
দিনের সব গল্প জমে হয় রাতের সাথী,
রাতের চেনা জনপদে অচেনা কাব্য গাঁথি।
অজস্র জোনাকি–স্বপ্ন মাখা তারা
দিনের ক্লান্ত কাঁধে রাখে শান্তির ধারা।
দিনের ধুলো জমে রাতের নীরব বুকে,
রাতের নিশ্বাসে ভোর নামে স্নিগ্ধ সুখে।
অন্ধকারে লুকিয়ে থাকে রঙিন স্বপ্নদল,
আলো এসে মুছে দেয় ব্যথীর অশ্রুজল।
রাত যখন ঢেকে দেয় সব চঞ্চলতা,
দিন তখন জাগিয়ে তোলে নতুন ব্যস্ততা।
দু’জনার টানাপোড়েন–হয় না কখনো শেষ
তবু তাদের সাথে জীবন যাপিত হয় বেশ।
দিবারাত্রির সন্ধি বুকে রেখে চলে পৃথিবী,
হাসিমাখা আলো আঁধারে বাঁচে নক্ষত্ররাজি।
যতই দূরত্ব হোক, তবু দু’জনার আকর্ষণ
একেই তো বলে জীবন, এটাই সৃষ্টির বন্ধন।







