নতুন বিসিবি প্রধান হিসেবে তামিম ইকবাল প্রথম দিনেই অফিসে গেছেন। তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বিকেল ৪টার পরপর। সন্ধ্যার ৬টার দিকে বিসিবি কার্যালয়ে এসে সভাপতির চেয়ারে বসেন সাবেক এই অধিনায়ক। শুরু হয় বাংলাদেশের ক্রিকেটে তামিমের নতুন অধ্যায়। আপাতত এই অধ্যায়ের মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে। সেই নির্বাচনেও দেশের সফলতম ওপেনার অংশগ্রহণ করবেন বলে নিশ্চিতভাবেই ধারণা করে নেওয়া যায়। তামিম আসার আগেই বোর্ড ছেড়ে যান বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন চলছিল কয়েক দিন ধরেই। তবে মঙ্গলবারই সেই খড়গ নেমে আসবে, আমিনুল হয়তো ধারণা করতে পারেননি। এ দিন দুপুরে পূর্বাচলে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন গ্রাউন্ডস কমিটির বিদায়ী প্রধান খালেদ মাসুদকে নিয়ে। বিকেলের দিকে তারা ফিরে আসে বোর্ডে। একটু পরই ছড়িয়ে পড়ে এই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার খবর। গত বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে যে কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ, সেই কমিটির পর্যবেক্ষণে নির্বাচনে অনেক অনিয়ম ফুটে উঠেছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক–ক্রীড়া (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান। সেটির প্রেক্ষিতেই আমিনুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটির নামও ঘোষণা করেন তিনি। খবর আসার পরপরই বিসিবি কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন স্টেডিয়াম আঙিনা ছেড়ে যান আমিনুল, খালেদ মাসুদ, নাজমূল আবেদীনসহ বিদায়ী বিসিবি পরিচালকরা। তামিম বোর্ডের আসার আগেই বিসিবি প্রাঙ্গনে জমে যায় অনেক লোকের ভিড়। সেখানে সংবাদকর্মীরা যেমন ছিলেন, তেমনি দেখা যায় প্রচুর বহিরাগত। তামিম আসার পর সেই বহিরাগতরা মিছিল আর তুমুল স্লোগানে স্বাগত জানায় বিসিবি প্রধানকে। এটি অবশ্য গত কয়েকটি বিসিবি প্রধানের সময়ও দেখা গেছে। নাজমুল হাসান তিন দফায় বিসিবি সভাপতি হওয়ার পর প্রতিবারই নির্বাচনের সময়টায় এরকম মিছিল–স্লোগান দেখা গেছে। পরে ফারুক আহমেদ এবং তার পরে আমিনুল সভাপতির দায়িত্ব নেওয়ার সময়ও বহিরাগতদের এমন স্লোগান দেখা গেছে। সেই ধারাবাহিকতা বজায় থাকল তামিমের সময়ও। বোর্ডে আসার পরপরই বিভিন্ন বিভাগের সঙ্গে ছোট ছোট বৈঠক সেরে নেন নতুন বোর্ড প্রধান। অ্যাডহক কমিটির সভাও ডেকেছেন তিনি এ দিনই। সন্ধ্যার পর বিসিবি কার্যালয়ে আসতে দেখা যায় বোর্ড সদস্যদের। আমিনুল ও তার বোর্ডের পরিচালকদের বেশ কজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায় অনেকের, কেউ কেউ রিসিভ করেননি ফোনকল। তাদের প্রতিক্রিয়া তাই জানা যায়নি।
এদিকে দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে তা জানান তামিম। সন্ধ্যায় বসেছিল নতুন কমিটির সভা। যেখানে স্বশরীরে ৬ জন উপস্থিত হন, বাকি ৫ জন যোগ দেন অনলাইনে। রাত ৮টায় শুরু হয় বৈঠক। এরপর সংবাদ মম্মেলনে উপস্থিত হন তামিমসহ আরো দুই পরিচালক। দায়িত্ব নিয়েই তামিম জানিয়েছেন নিজের প্রথম কাজের কথা। তামিম বলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (অ্যাডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’ ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে করতে পারি আমরা ওই জিনিসটাই করব।’ তিনি আরও বলেন, ‘গত এক–দেড় বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বোর্ডপ্রধান জানান, অ্যাডহক কমিটিতে থাকা তানজিল চৌধুরিকে বোর্ডের মুখপাত্র মনোনীত করা হয়েছে এবং তিনিই বোর্ডের নানা সিদ্ধান্ত সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেবেন। এই বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে বুধবারই, সন্ধ্যা ৬টায়।














