দাম কমল জেট ফুয়েলের

অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার প্রতি দাম কমানো হয়েছে ২১ টাকা ৬৩ পয়সা

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট এ১ বা জেট ফুয়েল) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। তাতে লিটারে দাম কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটে দেশিবিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ৪৮ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৪ ডলার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিইআরসির এক আদেশে নতুন মূল্যহার নির্ধারণের কথা জানানো হয়। নতুন দর এদিন রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্যহার বহাল থাকবে। খবর বিডিনিউজের।

বিইআরসি বলছে, ২০২৫ সালের ১৩ মে জারি করা কমিশনের আদেশ অনুযায়ী মাসভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হচ্ছে। সেই আদেশের অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সময়ে জেট এ১ এর প্রকাশিত প্ল্যাটস রেটের গড় বিবেচনায় মে মাসের জন্য নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের কারণে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জের পরিবর্তনও বিবেচনায় নেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতাদের জন্য এই দর প্রযোজ্য হবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কঙবাজার বিমানবন্দরে।

আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতাদের জন্য নতুন দর প্রযোজ্য হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কঙবাজার বিমানবন্দরে।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীতে জালে ধরা পড়ল ৩৫ কেজির কোরাল,৪২ হাজারে বিক্রি
পরবর্তী নিবন্ধবাসে হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক বিভাগ